বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ পাবেন শিক্ষার্থীরা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেনসির সাপোর্ট হিসেবে প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান। আরও বলেন, নুর জানান, কোরিয়া, জাপান, চীন, জার্মানির মতো দেশগুলোতে যারা যাবেন, তাদের এই সুবিধা দেওয়া হবে।

নুর বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যেন এই ঋণ দেওয়া হয়।’

এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘১০ লাখ টাকা ঋণ দিয়ে দেবে, একজন ক্যাশ নিয়ে যাবে—সেটা না। শুধুমাত্র তারা যেন বিদেশে যেতে পারে, সেই ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। অন্য কাজে এই টাকা কিন্তু খরচও করতে পারবে না। যেহেতু সাধারণ ব্যাংকগুলো থেকে ঋণ দেওয়ার ক্ষেত্রে গ্যারান্টর কিংবা অনেক ধরনের জটিলতা আছে, আর আমাদের স্টুডেন্ট যারা যায়, তারা কিন্তু বিভিন্ন দেশে পড়াশোনা করার উদ্দেশ্যে গেলেও ওই সমস্ত দেশে শেষ পর্যন্ত একটা কর্মসংস্থানের সঙ্গেই যুক্ত হয়ে যায়, সে ক্ষেত্রে আমরা অনেকভাবে লাভবান হচ্ছি।’

‘একটা হচ্ছে, আমাদের দেশের একটা শিক্ষিত জনগোষ্ঠী ওইখানে কর্মসংস্থানে যুক্ত হচ্ছে এবং আমরা রেমিট্যান্স পাচ্ছি। যে কারণে গ্যারান্টর ছাড়া এই ১০ লাখ টাকা ঋণ দিয়ে সহায়তার সিদ্ধান্ত সরকার পক্ষ থেকে নেওয়া হয়েছে,’ যোগ করেন তিনি।