গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে রোগীকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আজ শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত রাসেল বিশ্বাস (২৫) কোটালীপাড়া উপজেলা বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল বিশ্বাস ও তার ভাই পান্না বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের সমর্থকেরা রাসেলকে মারধর করেন। পরে শুক্রবার সকালে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগ রয়েছে, হাসপাতালে ভর্তি থাকার সময় প্রতিপক্ষের কয়েকজন সেখানে গিয়ে রাসেল বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

রাসেলের ভাই রবিউল বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘আমার চাচা পান্না বিশ্বাসের লোকজন পরিকল্পিতভাবে হাসপাতালে ঢুকে রাসেলের ওপর হামলা চালায়। সেসময় শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে রাসেলকে গুরুতর আহত করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত পান্না বিশ্বাসের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন বলেন, ‘কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামে দু’গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জেরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করেন।’

তিনি আরও বলেন, আজ সকালে কোটালীপাড়া হাসপাতালে চিকিৎসা নিতে গেলে রাসেল বিশ্বাসকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

সারোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনার পর এলাকায় উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’