গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার ভোরে স্থানীয় লোকজন মহেশপুর রেলস্টেশনের কাছে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।  

নিহতরা হলেন—কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।

গোপালগঞ্জের কাশিয়ানী রেলস্টেশন। ছবি: সংগৃহীত

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইতোমধ্যে দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মাহফুজুর রহমান।