কেরাণীগঞ্জে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬
ঢাকার কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টা ২ মিনিটে মরদেহটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ১১ মিনিটে ওই কারখানায় আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণকক্ষ। ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে নিহতরা নারী নাকি পুরুষ, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।


