ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে সভা ও বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে মিলগেট চত্বরে এক সভা করেছে।

আজ রোববার দুপুরে অনুষ্ঠিত সভায় হুশিয়ারি দেওয়া হয়, আগামী ১০ দিনের মধ্যে উত্থাপিত এই তিন দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

তিন দফা দাবি হলো:

১. দক্ষ জনবল তৈরির স্বার্থে মৌসুমি জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে আগের মতো অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে সমন্বয় করা, পদোন্নতি দিয়ে দক্ষ জনবল তৈরি করা।

২. ২০২৫ সালের ১ জুলাই থেকে পে কমিশনের আওতাভুক্ত সরকারি কর্মকর্তা–কর্মচারীদের মতো মজুরি কমিশনের শ্রমিকদেরও অবিলম্বে বিশেষ সুবিধার ১৫ শতাংশ টাকা প্রদান করা।

৩. সুগার মিল করপোরেশনের বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক ২০১৬ সালে প্রণীত সাশ্রয় নীতি প্রত্যাহার করে ২০০২ সালের প্রণীত শ্রমিক কাঠামো নীতিমালার ভিত্তিতে মিল প্রতিষ্ঠান পরিচালনা করা।

ঘণ্টাব্যাপী সভায় ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

সভা শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে, যা মিল ও পার্শ্ববর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।