‘উচ্চ তাপমাত্রা ও করণীয় সংক্রান্ত’ ভুয়া বার্তায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ফায়ার সার্ভিসের
‘উচ্চ সতর্কতা জারি করা হয়েছে’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। সেখানে সতর্ক করা হচ্ছে, ‘২৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোনো ব্যক্তি যেন ঘরের বাইরে খোলা আকাশের নিচে না যান। কারণ, আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।’
কোথাও এই সতর্কবার্তা প্রদানকারী সংস্থা হিসেবে ‘বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর’, আবার কোথাও ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল ডিফেন্স’-এর নাম ব্যবহার করা হচ্ছে।
বিষয়টি নজরে আসায় আজ শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এ সম্পর্কিত কোনো বার্তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ২৯ এপ্রিল হতে ১২ মে ২০২৬ এবং ২৫ মে হতে ০৪ জুন ২০২৬ পর্যন্ত গরমে তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত একটি বার্তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। “ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্স”-এর বরাত দিয়ে প্রকাশিত বার্তাটির সঙ্গে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো সম্পর্ক নেই।’
এতে আরও বলা হয়, ‘এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।’