কুষ্টিয়ায় পার্সেল বক্স খুলতেই বিস্ফোরণ, ভ্যানচালক আহত
কুষ্টিয়ায় অজ্ঞাত দুই ব্যক্তির পাঠানো পার্সেল বক্স খোলার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় পার্সেল বহনকারী ভ্যানচালক নাসির শেখ (৫০) আহত হয়েছেন।
গতকাল সোমবার রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার লাহিনী বটতলা এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ব্যাটারিসহ বেশ কিছু আলামত জব্দ করেছে পুলিশ।
আহত নাসির শেখ লাহিনী কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে। তিনি বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম বলেন, আহত একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্প্লিন্টার জাতীয় কিছুর আঘাতে তার শরীরের নিম্নাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।
ভ্যানচালক নাসির শেখ জানান, রাতে দুইজন অপরিচিত ব্যক্তি তাকে ৩০ টাকা ভাড়া দিয়ে একটি পার্সেল লাহিনী জোয়ার্দার পাড়ার হামিদুলের বাড়িতে পৌঁছে দিতে বলেন। হামিদুলের বাড়িতে নিয়ে গেলে তিনি পার্সেল নিতে অপারগতা প্রকাশ করেন।
এরপর পার্সেলটি নিয়ে লাহিনী বটতলায় ফিরে আসেন নাসির। সেখানে স্থানীয় কয়েকজনের উপস্থিতে পার্সেল খোলা হয়। ভেতরে তারা একটি কাঠের বাক্স দেখতে পান। বাক্সটি খুলতেই বিস্ফোরণ ঘটে।
নাসির বলেন, যে দুজন পার্সেলটি আমাকে দিয়েছেন, তাদের চিনি না। তারা গাড়ির চালক বলে পরিচয় দিয়েছিলেন।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ বলেন, বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছেন, তা এখনও জানা সম্ভব হয়নি।