অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির সঙ্গে লেনদেনে সতর্ক থাকতে বলল সরকার
নিবন্ধনহীন কিংবা মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফ্লাইটের টিকিট, ট্যুর বা ট্রাভেল প্যাকেজ সংক্রান্ত কোনো আর্থিক লেনদেন না করার জন্য জরুরি সতর্কতা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাধ্যতামূলক। এজন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ট্রাভেল এজেন্সির নিবন্ধন কর্তৃপক্ষের মাধ্যমে ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে নিবন্ধন ও নবায়ন সংক্রান্ত যাবতীয় কার্যাদি অনলাইনে সম্পন্ন করতে হয়।
নিবন্ধন ও নিবন্ধিত এজেন্সির যথাসময়ে নবায়ন ছাড়া ট্রাভেল এজেন্সি ব্যবসা করা বেআইনি উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে নিবন্ধন নেওয়ার পর অনেক ট্রাভেল এজেন্সি মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও কিংবা নিবন্ধন ছাড়াই ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করছে এবং গ্রাহকের সাথে বিভিন্ন প্রতারণা ও হয়রানি করছে।
এই হয়রানি ও প্রতারণা রোধে অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ এজেন্সির সঙ্গে আকাশপথে ভ্রমণ কিংবা ট্রাভেল ও ট্যুর সংক্রান্ত কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সম্প্রতি দ্য ডেইলি স্টারে প্রকাশিত 'রাশিয়ায় মানবপাচার: বাংলাদেশের ট্রাভেল এজেন্সির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা' শিরোনামের প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়।
প্রতিবেদনে অভিযুক্ত ট্রাভেল এজেন্সির নাম ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের’ উল্লেখ থাকলেও মন্ত্রণালয় বলছে, অভিযুক্ত এজেন্সিটি 'ড্রিম হোম ট্রাভেলস'।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ড্রিম হোম ট্রাভেলস'সহ যেকোনো ট্রাভেল এজেন্সি নিবন্ধিত কিংবা মেয়াদোত্তীর্ণ কি না, তা টিকেট বা ট্যুর প্যাকেজ কেনার ক্ষেত্রে ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে যাচাই করে নিতে হবে, যেন কোনো ধরনের আর্থিক ক্ষতি কিংবা প্রতারণার ঘটনা না ঘটে।

