১৫ মিনিটে পূর্বাঞ্চলের ট্রেনের অগ্রিম সাড়ে ১২ হাজার টিকিট বিক্রি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই পূর্বাঞ্চলের যাত্রীদের মাঝে ব্যাপক সাড়া ও হুড়োহুড়ি দেখা গেছে।
আজ বুধবার বিক্রি শুরুর ১৫ মিনিটের মধ্যেই পূর্বাঞ্চলের মোট ১৫ হাজার ২৬৬ আসনের বিপরীতে প্রায় সাড়ে ১২ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয় আজ দুপুর সোয়া ২টায়।
রেলওয়ের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম 'সহজ' জানায়, প্রথম ১৫ মিনিটে অনলাইনে টিকিট কেনার জন্য প্রায় ৩৩ লাখ বার চেষ্টা করেছেন গ্রাহকরা।
এর আগে, সকাল সোয়া ৮টায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ নিয়ে গঠিত পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়।
এ অঞ্চলে ১৫ হাজার ৯৭৪ আসনের বিপরীতে প্রথম ৩০ মিনিটে প্রায় ১৪ হাজার টিকিট বিক্রি হয়ে যায়।
সহজ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ দেবনাথ দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুর ২টার মধ্যে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি প্রায় শেষ হয়ে যায়। তবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি চলছে।'
তার দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য প্রতি মিনিটে ব্যবহারকারীরা প্রায় ২ লাখ বার টিকিট কেনার চেষ্টা করেছেন অনলাইনে।
বাংলাদেশ রেলওয়ে এবার ঈদের সব অগ্রিম টিকিট অনলাইনেই বিক্রি করছে।
রেলওয়ে সূত্র জানায়, আজ যারা টিকিট সংগ্রহ করেছেন তারা আগামী ২৩ মে ভ্রমণ করবেন।
২৩ মে ঢাকা থেকে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাওয়ার কথা, যার মধ্যে ২০টি ট্রেন চলবে করবে পশ্চিমাঞ্চলের রুটে।