হামের টিকা নিয়ে অনিয়মের অভিযোগ: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

স্টার অনলাইন রিপোর্ট

হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশু মৃত্যুর প্রেক্ষাপটে এ রোগের টিকা সংক্রান্ত কার্যক্রমে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সেইসঙ্গে এতে সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আর্জি জানানো হয়েছে।

আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ রিটটি দায়ের করেন।

রিটের আবেদনে অভিযোগ করা হয়, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে হামের টিকাদান ব্যবস্থা বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তারা জড়িত ছিলেন। 

এই রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজিএইচএস) সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

ব্যারিস্টার আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে হামের টিকাদান ব্যবস্থা বেসরকারি খাতে হস্তান্তর করা একটি অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও অপরাধমূলক কাজ ছিল, যা তদন্ত করা প্রয়োজন।’

তিনি আরও জানান, আগামীকাল সোমবার দুপুর ২টায় হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।