৪ জেলায় সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ নিহত ৭
নাটোর, গাজীপুর, ফেনী ও কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলো—রাজশাহীর বাসিন্দা আকিব আদনানের দুই মাস বয়সী সন্তান এজাদ ও চার বছর বয়সী সন্তান এহান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আকিব আদনান পরিবার নিয়ে মাইক্রোবাসে করে ঢাকা ফিরছিলেন। পথে রয়না এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরেক শিশুর মৃত্যু হয়। আহত তিনজন নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন—আকিব আদনান (৩৫), তার স্ত্রী আনি খাতুন (৩২) ও কোনা বেগম (৬০)।
গাজীপুর
এদিকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগরা বাইপাস এলাকায় দুই বাসের মাঝখানে চাপা পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ দুপুর ১টার দিকে ভোগরা বাইপাস ফ্লাইওভারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ ডেইলি স্টারকে বলেন, অনাবিল পরিবহনের একটি বাস যাত্রী ওঠা-নামার জন্য হঠাৎ ব্রেক করে। বাসটির পেছনে থাকা একটি অটোরিকশা সময়মতো থামতে পারলেও পেছন থেকে আসা বিনিময় পরিবহনের আরেকটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ফেনী
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রসুলের ছেলে জিহানুল ইসলাম শাওন (২০) ও সোনাগাজী উপজেলার সমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩)।
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, শাওন ও জিসান মোটরসাইকেলে চট্টগ্রাম থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। পথে রেজিস্ট্রেশনবিহীন একটি ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জিসান নিহত হন। গুরুতর আহত অবস্থায় শাওনকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় এক যুবক নিহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া বাইপাস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস শিকদার (৪৫) পাকুন্দিয়া পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, সকালে হাঁটতে বের হন ফেরদৌস। সেসময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ ঘটনায় পিকআপ ভ্যান ও চালককে শনাক্তে চেষ্টা করছে পুলিশ।
(এই প্রতিবেদনটি প্রস্তুত করতে ডেইলি স্টারের গাজীপুর, ফেনী, পাবনা ও কিশোরগঞ্জের সংবাদদাতা তথ্য দিয়ে সহায়তা করেছেন)