৩ জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

দেশের তিন জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় আজ বৃহস্পতিবার নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ছয়জন, ময়মনসিংহে দুইজন ও পঞ্চগড়ে একজন মারা গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন—সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আবদুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আবদুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণ পাড়ার ফিটু আলী ছেলে মো. মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম ও গোসাইপুর গ্রামের মো. শফিউলের ছেলে হাসান আলী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিুর রহমান ডেইলি স্টারকে বলেন, শিবগঞ্জে বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তিন পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসেন বলেন, সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির সময় মাঠ থেকে গরু নিয়ে আসার সময় বজ্রপাতে আবদুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ ডেইলি স্টারকে বলেন, ঘাস কাটার পর মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুমাইয়ারা বেগম মারা যান। এ ছাড়া গোসাইপুর গ্রামের হাসান আলী আম বাগানে বজ্রপাতে মারা গেছেন।

ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছা ও গফরগাঁও উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন—মুক্তাগাছা উপজেলার গাবতলী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খালেকুল আজাদ (৬০) ও গফরগাঁওয়ের লামকাইন গ্রামের মৃত রুকন উদ্দিন খানের ছেলে সিয়াম খান (২৮)।

মুক্তাগাছা থানার ওসি কামরুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ঈদের ছুটিতে খালেকুল আজাদ নিজ গ্রাম মুক্তাগাছা উপজেলার রৌহার চরে ছিলেন। আজ দুপুরে বাইরে হাঁটার সময় বজ্রপাতে তিনি মারা যান।

পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, আজ সকাল ১০টার দিকে বাড়ির উঠানে বজ্রপাতে গুরুতর আহত হন সিয়াম। তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলায় বজ্রপাতে এক ট্রাক্টর শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শাহাদত হোসেন (১৯) ওই এলাকার কেরামত আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান ডেইলি স্টারকে বলেন, ভুট্টাখেতে বজ্রপাতে আহত হন শাহাদত। তাকে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


(এই প্রতিবেদনটি প্রস্তুত করতে  তথ্য দিয়ে সহায়তা করেছেন দ্য ডেইলি স্টারের রাজশাহী, ময়মনসিংহ, ঠাকুরগাঁওয়ের সংবাদদাতা)