৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালকে শোকজ
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
নোটিশে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস অর্ডিন্যান্সের বিধান লঙ্ঘন করায় কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মইনুল আহসানের সই করা চিঠিতে এ নোটিশ দেওয়া হয়।
৭২ ঘণ্টার মধ্যে হাসপাতালটির মালিক ডা. শেখ মহিউদ্দিনকে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, গত ২৭ মে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ১ জুন তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্তকালে কমিটি হাসপাতালের পরিচালক, সহকারী পরিচালক, শিশু বিভাগের প্রধান, এনআইসিইউতে কর্মরত চিকিৎসক, ঘটনাস্থলে দায়িত্ব পালনরত নার্স, আয়া এবং রোগী ও রোগীর স্বজনসহ মৃত নবজাতকদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণ করে।
‘তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, আদ-দ্বীন হাসপাতাল পরিচালনায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স ১৯৮২-এর বিধানগুলো যথাযথভাবে পালন করা হয়নি। এই নিয়মের চরম অবহেলার কারণে ওই ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে কমিটি হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী সাব্যস্ত করেছে।’
এতে আরও বলা হয়, আদ-দ্বীন হাসপাতালটি ওই অধ্যাদেশের ৮ ধারা অনুযায়ী নিবন্ধিত। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ধারা অনুযায়ী কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে (আগামী ৭ জুন বিকেল ৫টা) ব্যাখ্যা দিতে বলা হয়েছে।