তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা
ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, ভূরাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করেছে দুই পক্ষ।
বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের কূটনৈতিক ও ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বৈঠকে। সেই সঙ্গে সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত অংশীদারত্বের বিষয়েও আলোচনা হয়েছে।
এছাড়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর দুই পক্ষ মতবিনিময় করেছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে আরও বলা হয়, রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার সরকারের সমর্থনের জন্য কৃতজ্ঞতা এবং সংকটের স্থায়ী সমাধানে তুরস্ককে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির শফিকুর রহমান।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে হাকান ফিদানের কাছে প্রেসিডেন্ট এরদোয়ানের উদ্দেশ্যে লেখা একটি শুভেচ্ছাপত্র হস্তান্তর করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল, সেলিম উদ্দিন ও আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান।