মেহেরপুর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারাতলা সীমান্ত দিয়ে সাতজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের এই প্রচেষ্টা প্রতিহত করেছে।

আজ বৃহস্পতিবার ভোরে আন্তর্জাতিক সীমান্তের ১৪২/৫-এস নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। সেখানে বিএসএফ ওই সাতজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের এই চেষ্টা প্রতিহত করেন।

আজ সকাল ৮টার দিকে বিএসএফ বাধ্য হয়ে ওই সাতজনকে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।

তিনি জানান, এ ধরনের ঘটনা ঠেকাতে সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও সতর্কতা বজায় রাখা হয়েছে।