বৃষ্টিতে উত্তরের ৪ জেলায় সাড়ে ৮ কোটি টাকার ফসল নষ্ট
জুলাইয়ের ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত অতিবৃষ্টি ও উজানের নেমে আসা পানিতে বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় মোট ২০১ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।
এতে ১ হাজার ৭৭৭ কৃষকের ৮ কোটি ৬১ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
আজ সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের চূড়ান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, জুলাই মাসের ৭ দিনের বৃষ্টিতে বগুড়ার চার উপজেলায় প্রায় ১০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে যার আর্থিক মূল্য ৫ কোটি ১১ লাখ টাকা।
জেলায় ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে সাড়ে ৫৪ হেক্টর গ্রীষ্মকালীন সবজি, ২৪ হেক্টর আমন বীজতলা, ১৭ হেক্টর আউশ ধান, ৩ হেক্টর পাট ও ১ দশমিক ১৫ হেক্টর জমির মরিচ।
জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় ১৬ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার আর্থিক মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে রয়েছে ৭ হেক্টর মরিচ, ৬ হেক্টর আমন বীজতলা ও ৩ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি।
পাবনার তিন উপজেলায় ক্ষতি হয়েছে ৯ দশমিক ৯০ হেক্টর জমির ফসল, যার আর্থিক মূল্য ৭১ লাখ ৭২ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে ৫ হেক্টর মরিচ, ২ দশমিক ৮০ হেক্টর গ্রীষ্মকালীন সবজি ও ২ দশমিক ১০ হেক্টর জমির আমন বীজতলা।
এছাড়া, সিরাজগঞ্জের চার উপজেলায় ক্ষতি হয়েছে ৭৫ দশমিক ৫০ হেক্টর জমির ফসল। এসব ফসলের আর্থিক মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা। এ জেলায় ৬৩ হেক্টর আমন বীজতলা, ৯ হেক্টর গ্রীষ্মকালীন সবজি, ২ হেক্টর মরিচ, ১ দশমিক ৫ হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল ওয়াদুদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ চার জেলার ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ আমরা ঊর্ধতন কর্মকর্তাদের পাঠিয়েছি। সরকার প্রণোদনা ঘোষণা করলে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’