ডিবি হেফাজতে যুবকের মৃত্যুতে পরিবার কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে না, হাইকোর্টের রুল

স্টার অনলাইন রিপোর্ট

ফরিদপুরের মধুখালীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে মারা যাওয়া মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত’র (২৭) পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) করা এক রিট আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রিট আবেদনে বলা হয়, জুনের মাঝামাঝি ১০০ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগে প্রান্তকে আটক করে ডিবি। প্রথমে তাকে মধুখালী থানায় নেওয়া হয় এবং পরে ফরিদপুর ডিবি হেফাজতে রাখা হয়।

এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা প্রান্তের মৃত্যুর খবর পান।

পরিবারের অভিযোগ, পুলিশ হেফাজতে নির্যাতনের কারণেই প্রান্তের মৃত্যু হয়েছে।

কিন্তু পুলিশের দাবি, ডিবি হেফাজতে থাকা অবস্থায় প্রান্ত অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নেওয়া হলে ২১ জুন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. শাহীনুজ্জামান।