কেপটাউনে সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিএ) ফাঁকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সিপিএ মহাসচিব স্টিফেন টুইগের বৈঠক হয়েছে।
আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ, সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশ-সিপিএ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
স্টিফেন টুইগ বাংলাদেশের সংসদীয় প্রতিষ্ঠান ও সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
তিনি জানান, আগামী নভেম্বরে বাংলাদেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও অভিজ্ঞ সংসদ সদস্যদের অংশগ্রহণে চার দিনব্যাপী প্রশিক্ষণ আয়োজন করা হবে। তিনি নিজেও এতে অংশ নেবেন।
বাংলাদেশের প্রতিনিধিদলে বিরোধীদলীয় ও নারী সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করায় ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানান সিপিএ মহাসচিব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সংসদে নারীর কার্যকর প্রতিনিধিত্ব বাড়াতে সিপিএর বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের নারী সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
এছাড়া সংসদ সদস্যদের ‘সিপিএ পার্লামেন্টারি একাডেমি’র অনলাইন প্রশিক্ষণে যুক্ত হওয়ার পরামর্শ দেন স্টিফেন টুইগ। রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান সিপিএ মহাসচিব।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মাহবুবুল আলম এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়াও উপস্থিত ছিলেন।