ধর্ষণে শিশুর মৃত্যুর অভিযোগ, কিশোর আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধর্ষণের পর ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ধর্ষণের পর শিশুটি গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি শফিকুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তালশহর এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে।
তিনি আরও বলেন, শিশুটির মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।