তিস্তার পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচে, স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

গত তিন দিনের বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরের তিস্তাপাড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

আজ শনিবার পাউবো জানায়, ভোর ৬টায় ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ১০ মিটার, যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) ৫ সেন্টিমিটার নিচে।

তবে সকাল ৮টার পর পানি কমতে থাকে। দুপুর ৩টায় পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫১ দশমিক ৯৬ মিটার, যা বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচে।

লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উজানে ভারতে প্রবল বৃষ্টিপাত হয়েছে। সেখান থেকে পাহাড়ি ঢলের পানি আসছে। রাতে আবারও তিস্তার পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে তিস্তাপাড়ে স্বলমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।’

তবে প্রবল বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতি না-ও হতে পারে বলে জানান তিনি।

শনিবার দুপুরে লালমনিরহাটের সদর উপ্জেলার চর গোকুন্ডা এলাকায় তোলা। ছবি: এস দিলীপ রায়/ স্টার

লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডা এলাকার কৃষক আমজাদ হোসেন (৫৫) বলেন, ‘চর এলাকায় এখনো সবজি চাষ করা হয়নি। প্রস্তুতি চলছে। তবে আগাম আমন ধান চাষ করা হয়েছে। তিস্তায় পানি বেড়ে যাওয়ায় চরে কিছু আমন খেত পানির নিচে তলিয়ে গেছে।’

‘এবার তিস্তাপাড়ে অকাল বন্যা পরিস্থিতির সৃষ্টি না হলে আমরা চর এলাকা থেকে প্রচুর ফসল ঘরে তুলতে পারব,’ তিনি বলেন।