স্পিকার ডেকেছিলেন, দেখা করেছি: ফেরদৌসী আহমেদ

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এর আগে ফেরদৌসীকে এমপি পদ থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ফেরদৌসী সাংবাদিকদের বলেন, তদন্ত হোক। তারা তদন্ত করে দেখুক...স্পিকার আমাকে ডেকেছিলেন, তাই আমি তার সঙ্গে দেখা করতে এসেছি।

তিনি দুপুর ২টার দিকে সংসদ ভবনে প্রবেশ করেন এবং প্রায় ২০ মিনিট পর বেরিয়ে আসেন। ফেরদৌসী জানান, তিনি একাই স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

গাড়িতে ওঠার পর সাংবাদিকেরা যখন তার মন্তব্য জানতে চান, তখন তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি।

প্রধানমন্ত্রীর নির্দেশ নিয়ে জানতে চাইলে তখন তিনি পাল্টা প্রশ্ন করেন, তিনি কি আপনাকে বলেছেন?

এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, ‘দলের হাইকমান্ড তাকে পদত্যাগ করতে বলেছে।’ বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে এই নির্দেশনা এসেছে বলে জানান তিনি।

আজ বিকেল ৩টায় সচিবালয়ে একটি ব্রিফিংয়ে এমপি ফেরদৌসীর পদত্যাগ নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমার এখতিয়ারে নয়, এটা স্পিকার জানতে পারবেন।’

আইনি ব্যবস্থা সম্পর্কে বলেন, ‘যদি তার বিরুদ্ধে অভিযোগের তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে চার্জশিট হবে। দলীয় ব্যবস্থা হবে দলের পক্ষ থেকে।’

‘একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ তদন্তের মাধ্যমে প্রমাণিত না হওয়া পর্যন্ত কিছু বলা সঠিক নয়।’

গত ২৪ সেপ্টেম্বর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।