‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, মানিকগঞ্জে প্রধান শিক্ষক আটক
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিল্লি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালির ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।
ব্যানারে শেখ হাসিনার নাম থাকায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ‘ঘটনাটি যাচাই-বাছাই করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
তিনি বলেন, 'আবুল হাশেম ভূঁইয়া (৪৮) দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি।'