র‍্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির

স্টার অনলাইন রিপোর্ট

মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি।

আজ মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, র‌্যাবের কার্যক্রম বিশ্লেষণ করে আমাদের কমিটি র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে।

তিনি বলেন, এই বাহিনী ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে।

হাফিজ উদ্দিন বলেন, মানবাধিকার লঙ্ঘনের কারণে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিটিরও এর প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে।

এই প্রেক্ষাপটে র‍্যাবকে বিলুপ্ত করে র‍্যাবের দায়িত্ব আর্মড পুলিশ ব্যাটালিয়ন ওথানা পুলিশ যেন যশাযথ পালন করতে পারে নেই ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

বিএনপি পুলিশ সংস্কার কমিশনের কাছে আরও যেসব সুপারিশ করেছে তার মধ্যে রয়েছে- পুলিশ কমিশন গঠন, উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠন, ক্ষমতার অপব্যবহার রোধে গ্রেপ্তারের আগে যথাযথ ডকুমেন্টেশন প্রক্রিয়া চালু করা।

বিএনপি সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ র‌্যাব প্রতিষ্ঠিত হয়।