৭ দলের ‘গণতন্ত্র মঞ্চ’
'গণতন্ত্র মঞ্চ' নামে ৭ দলীয় রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে।
আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই জোটের আত্মপ্রকাশ ঘটে।
জোটভুক্ত রাজনৈতিক দলগুলো হলো— জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
সংবাদ সম্মেলনে জেএসডির সভাপতি আসম আবদুর রব এই রাজনৈতিক জোটের আত্মপ্রকাশের ঘোষণা দেন।
তিনি বলেন, 'দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারবিরোধী আন্দোলনের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই মঞ্চ গঠিত হয়েছে। রাষ্ট্র, সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান ও সরকারব্যবস্থা নিয়ে এই জোটের সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাবসহ দাবি রয়েছে।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাউয়ূম।