‘এখন বাচ্চাদের ঘুম পাড়াতে গাইতে হবে- বর্গী নয়, আ. লীগ এলো দেশে’

স্টার অনলাইন রিপোর্ট

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে 'বর্গীদের সরকার' উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছোটবেলায় গান শুনতাম মা বাচ্চাদের ভয় দেখিয়ে ঘুম পাড়াতেন- ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে। আজকে ক্ষমতাসীন দল সেই বর্গীর ভূমিকা পালন করছে।

'এখন আমাদেরও বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য গাইতে হবে যে- বর্গী নয়, আওয়ামী লীগ এলো দেশে', বলেন তিনি।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত 'দুর্নীতি জ্বালানি সংকটের উৎস' শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'সরকার জ্বালানি খাতকে লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আজকে যে জ্বালানি সংকট এর প্রধান কারণ হচ্ছে দুর্নীতি। শুধু জ্বালানি খাত কেন, সমস্ত খাতকে তারা লুটপাটের হাতিয়ার বানিয়েছে, দেশের কোনো খাত বাকি রাখেনি।'

'আপনারা দেখেছেন, কিছুদিন আগে কোভিডের সময় কীভাবে মানুষের জীবন নিয়ে, স্বাস্থ্য নিয়ে তারা দুর্নীতি করেছে। উত্তরায় গার্ডার পড়ে কীভাবে ৫ জনের জীবন গেলো, সেতু ও সড়ক খাতে দেখবেন সারাদেশে প্রতিদিন কয়েকশ মানুষ মারা যাচ্ছে দুর্ঘটনায়। ১৯৭১ সালে আমরা যারা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, এই দেশ দেখার জন্য নয়। আমরা একটি স্বাধীন-সার্বভৌম, একটা গণতান্ত্রিক সমাজ দেখতে চেয়েছিলাম, একটা মুক্ত-উদার গণতন্ত্রের মধ্যে বাস করতে চেয়েছিলাম। আজকে এরা (আওয়ামী লীগ) কী করছে? এরা সম্পূর্ণভাবে দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে', বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'কোথাও কথা বলতে পারবেন না, কোথাও লিখতে পারবেন না, কোথাও যেতে পারবেন না। এমনকি গতকাল প্রধানমন্ত্রী ধমক দিয়েই বলেছেন, কী আহ্লাদ, নির্বাচন করবেন। ভাবখানা এমন যে, আপনারা আবার নির্বাচন করবার কে!'

তিনি বলেন, 'গতকাল ২১ আগস্টের ঘটনাস্থলে গেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি অনুষ্ঠান করেছেন, নিহতদের স্মরণ করেছেন চারদিকে ঘিরে দিয়ে। একেবারে সিকিউরিটি টেন্স তৈরি করে সেখানে তা করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এতো টেন্সে থাকতে হচ্ছে কেন? বার বার এ কথা বলছেন কেন আবার সেই ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে? তাহলে ১৫-১৬ বছর ধরে আপনারা কী দেশ চালালেন? কেন বলেন যে, টেররিজমকে আপনারা উধাও করে দিয়েছেন? আবার সেই চিন্তা আসছে কেন?'

'এরা (আওয়ামী লীগ) প্রতিমুহূর্তে সম্পূর্ণ মিথ্যার মধ্য দিয়ে, প্রতারণার মধ্য দিয়ে, জনগণকে বোকা বানিয়ে এই দেশটাকে চালাচ্ছে', যোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'এখন দেশের মানুষ জেগে উঠতে শুরু করেছে। জনগণ নিজেরাই রাস্তা দখল করছে, গেট ঘেরাও করেছে, থানা ঘেরাও করেছে। আজকে চা-শ্রমিকরা ন্যুনতম ৩০০ টাকা মজুরির জন্য রাস্তায় নেমে এসেছেন। একদিকে ২ হাজার ৮০০ টাকার পার ক্যাপিটা ইনকাম, আরেক দিকে ১২০ টাকা বেতন। এই যদি দেশ হয়, এই যদি সমাজ হয়, এই যদি অর্থনৈতিক হিসাব হয়, তাহলে সেই স্বাধীনতার কোনো মূল্য আছে বলে আমরা মনে হয় না।'

বিএনপি মহাসচিবের সভাপতিত্বে ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সঞ্চালনায় সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম রিজু, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বক্তব্য রাখেন।