সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক
জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে এই বৈঠক শুরু হয়।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং সংসদ অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন—এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
পরে অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে।