এই ঈদে একটু অতিরিক্ত আনন্দ অনুভব করছি: অর্থমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

এবার ঈদের আনন্দটা একটু ভিন্ন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার সকালে ঈদ জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ঈদের আনন্দ তো আছেই! একটি পরিবর্তিত পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দটা একটু ভিন্ন।’

‘আমাদের যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বাচনের পরে আমরা বহুলাংশে সেটা ফিরে পেয়েছি। তাই এই ঈদে একটু অতিরিক্ত আনন্দ অনুভব করছি,’ যোগ করেন তিনি।

খসরু বলেন, ‘আমরা যাতে এভাবেই থাকতে পারি, দেশটা যাতে এভাবেই থাকে, সবাই মুক্তভাবে থাকতে পারে, মুক্তভাবে চলতে পারে, কথা বলতে পারে। রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার যাতে ভোগ করতে পারে।’

‘ঈদের সাথে তারও একটি সম্পর্কিত ব্যাপার আছে—মুক্ত মানুষ না হলে, ঈদের আনন্দ সেভাবে আসে না,’ বলেন তিনি।