দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে ব্যবস্থা: নেতাকর্মীদের পানিসম্পদ প্রতিমন্ত্রী
দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে বা ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করলে কোনোভাবেই সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
‘রাজনীতি করেন—টেস্ট ম্যাচ খেলেন, আস্তে আস্তে খেলে টিকে থাকেন। ওয়ানডের মতো চার-ছয় মেরে আউট হয়ে যেয়েন না। সব চলে যাবে কিন্তু,’ বলেন তিনি।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকায় স্থানীয় একটি মন্দিরে গত রাতে তিন দিনব্যাপী ‘হরিবাসর’ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের সৎভাবে কাজ করার আহ্বান জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘দলকে ভালোবাসেন, ভালোবাসা নেন, ভালোবাসা দেন, টিকে থাকেন, কাজ করেন।’
‘নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে, বিনয়ের সাথে বলি, দল থেকে সরে যান,’ যোগ করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের সালিশে না জড়ানোর নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এ দায়িত্ব প্রশাসনের। কোনো পক্ষ নিয়ে সালিশে জড়ালে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।’
মসজিদ, মন্দির, মাদ্রাসার অনুদান সঠিকভাবে বণ্টনের আহ্বান জানান তিনি। বলেন, ‘আমি যা অনুদান নিয়ে আসি, তা সাধারণ মানুষের জন্য। যে পাওয়ার যোগ্য, তাদের হাতে তুলে দেবেন।’
সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার আহ্বান জানিয়ে আজাদ বলেন, ‘কোনো সাম্প্রদায়িক অপশক্তি যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
পূজাপার্বণ পালন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও এ সময় আশ্বাস দেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমাদের সনাতন ভাইয়েরা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, ভোট দিয়েছেন...আমি যেন না শুনি, বিচার সালিশের নামে কারও প্রতি কোনো নির্যাতন-নিপীড়ন হচ্ছে। বিচার করার দায়িত্ব আপনার নয়। জমির কাগজ ঠিক আছে কি না—ওসি সাহেব আছেন, ইউএনও সাহেব, এসি ল্যান্ড সাহেব আছেন, তারা দেখবেন।’