গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় ১১ দলের বিক্ষোভ
সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। শনিবার বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ তথ্য জানান। ঢাকার গুলশানের একটি বাসায় এ বৈঠক হয়।
বৈঠক শেষে আযাদ বলেন, শনিবারের কর্মসূচির পাশাপাশি দাবি আদায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে জনমত গঠন করা হবে। এ ছাড়া গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা হবে। এরপরও সরকার জনমত উপেক্ষা করলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বিরোধী দল। আগামী ৭ এপ্রিল ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
আযাদের ভাষ্য, সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা দুঃখজনক। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠন ও নির্বাচনের পেছনের প্রতিশ্রুতি অস্বীকার করা হয়েছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল।
তিনি আরও বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে স্বৈরাচারী শাসনের পথ তৈরি হয়েছিল এবং সেই ধারাবাহিকতায় শেখ হাসিনার সময় সাংবিধানিক স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়। বর্তমান সরকারও একই পথে হাঁটছে, যা ভুল। সংবিধান সংশোধন নয়, সংস্কার প্রয়োজন—আর তা করতে হলে গণভোট মেনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে।
ব্রিফিংয়ে চলমান জ্বালানি সংকট নিয়েও কথা বলেন আযাদ। তিনি সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ এনে বলেন, সংকট না থাকার দাবি করা হলেও পেট্রল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। একইসঙ্গে পরিবহন ব্যয় কমাতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে, যা পরিস্থিতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) প্রমুখ।