বিএনপির কাউন্সিল করতে কয়েক মাস লাগবে: মির্জা ফখরুল
বিএনপির জাতীয় কাউন্সিল করতে অন্তত কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করে ভবিষ্যতে কীভাবে দলকে দ্রুত কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজ বৈঠকে আলোচনা হয়েছে। আমরা খুব দ্রুতই দলকে কাউন্সিলের দিকে নেওয়ার চেষ্টা করব।
প্রসঙ্গত, বিএনপির সবশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয় ২০১৬ সালের ১৯ মার্চ।
বিএনপি মহাসচিব বলেন, বৈঠকে ৪৭ দিনে সরকারের কর্মসূচি সম্পর্কে দলের স্থায়ী কমিটির মতামত নিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কিছু সদস্য কিছু পরামর্শ দিয়েছেন।
আজ রাত ৮টা ৪০ মিনিটে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। চলে আড়াই ঘণ্টা।
বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
এর আগে গত ৯ জানুয়ারি গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়।