পটুয়াখালীতে কারাগারে অসুস্থ হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালী জেলা কারাগারে বন্দি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুমকি উপজেলা কমিটির সাবেক সভাপতি শফিকুল ইসলাম খাঁন মারা গেছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

হৃদরোগ সংক্রান্ত জটিলতায় অসুস্থ হলে পড়লে প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হয়েছিল, জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

পটুয়াখালী জেলা কারাগারের চিকিৎসক মো. জিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শফিকুল ইসলাম খাঁন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে আবারও পটুয়াখালী কারাগারে আনা হয়।’

‘তার শারীরিক অবস্থা কিছু দিন ধরে আশঙ্কাজনক ছিল। শুক্রবার হঠাৎ অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি,’ বলেন জিয়া।

জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, ‘তার ব্লক ধরা পড়েছিল এবং চিকিৎসার জন্য নিয়মিত তাকে হাসপাতালে নেওয়া হতো।’