ঢাবিতে শিবিরের সমাবেশ: ছাত্রদলের হামলার প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল কর্মীদের হামলার প্রতিবাদ, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছাত্র সমাবেশ করেছে ছাত্রশিবির।
আজ বুধবার সকাল ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় ছাত্রশিবিরের নেতাকর্মীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে শিবিরের সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন। এতে উপস্থিত হয়ে সাবেক শিবির নেতা ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, '৫ আগস্ট বিজয়ের দিন হিসেবে উদযাপিত হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের প্রতিবাদ জানাতে হচ্ছে ছাত্রদলের বিরুদ্ধে। এটা অত্যন্ত লজ্জার।'
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'সরকার যদি ছাত্রদলকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে ছাত্রলীগ যেমন আওয়ামী লীগ সরকারের পতন ডেকে এনেছিল, তেমনি ছাত্রদলও বিএনপির পতন ঘটাবে।'
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল বলেন, 'ছাত্রদল ও বিএনপি নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের পথেই হাঁটতে শুরু করেছে। সরকার ও ছাত্রদল আন্দোলনের আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছে।'
বক্তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক সহিংসতার বিষয়ে সতর্ক করে জড়িতদের 'সন্ত্রাসের পথ' পরিহার করার আহ্বান জানান।
শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, 'জুলাই অভ্যুত্থানের “সবচেয়ে বড় সুবিধাভোগী” বিএনপি জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। দুই বছরে এসব মামলায় মাত্র ছয়টির রায় দেওয়া হয়েছে, কিন্তু একটিও কার্যকর হয়নি।'
তিনি বলেন, 'ছাত্রদলের সন্ত্রাসীদের থামানো না হলে এবং বিএনপি তাদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে, আমরা যদি প্রতিরোধ গড়ে তুলি, তবে আপনারা কোনো ক্যাম্পাসে ১০ মিনিটের জন্যও দাঁড়াতে পারবেন না।'