আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিষদের সিদ্ধান্তে মানবাধিকার কর্মী তাহমিনা রহমান সংস্থাটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ বৃহস্পতিবার আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের সই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুজাইয়ী, ১৫ এপ্রিল ২০২৬ সালে তাহমিনা রহমান নতুন দায়িত্বে যোগ দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাহমিনা রহমান মানবাধিকার, নারী অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার এবং ডিজিটাল অধিকারের ক্ষেত্রে তিন দশকেরও বেশি সময় ধরে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
তিনি ২০১৯-২০২০ সময়ে আসকের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সংস্থাটির বিভিন্ন নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এতে আরও বলা হয়, তাহমিনা রহমান আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল-১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। এ সময় তিনি সংস্থাটির কার্যক্রম বিস্তৃতি, নীতি-প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার নেতৃত্বে বিভিন্ন সময়ে তথ্যপ্রাপ্তির অধিকার জোরদারকরণ, ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা ও সংস্কারের পক্ষে অ্যাডভোকেসি এবং অনলাইন মতপ্রকাশের নিরাপদ পরিবেশ তৈরিতে নানা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কর্মজীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, মানবাধিকার কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ তাহমিনা রহমান ২০১৭ সালে যুক্তরাজ্যের ‘এমবিই’ (মেম্বার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এমপায়ার) সম্মানে ভূষিত হন। এছাড়া ২০১৬ সালে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অবদানের জন্য তিনি মর্যাদাপূর্ণ ফ্রাঙ্কো-জার্মান প্রাইজ অর্জন করেন।