মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘নিশি’

স্টার অনলাইন ডেস্ক

বাংলাদেশের একমাত্র এমা অ্যাওয়ার্ডজয়ী চলচ্চিত্র ‘নিশি’ এবার গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৩১টি পরিবেশবিষয়ক চলচ্চিত্র উৎসবের মধ্যে গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অন্যতম। এটি মন্টেনিগ্রোর একমাত্র পরিবেশ বিষয়ক চলচ্চিত্র উৎসব।

আগামী ১ থেকে ৩ আগস্ট মন্টেনিগ্রোর জাবলজাক পৌরসভায় অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুরমিতর ন্যাশনাল পার্কের ব্ল্যাক লেক এলাকায় উৎসবটি অনুষ্ঠিত হবে।

গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে নির্মিত ‘নিশি’ চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম।

উৎসবে নির্বাচিত হওয়া প্রসঙ্গে গোলাম রাব্বানী বলেন, ‘নিশির এই আন্তর্জাতিক যাত্রা সত্যিই দারুণ। সিনেমার মাধ্যমে আমরা আমাদের গল্প বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পারছি। একইসঙ্গে তাদের কাছ থেকেও অনেক কিছু শিখতে পারছি, যা আমাদের সিনেমা নির্মাণের পথকে আরও সমৃদ্ধ করছে।’

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার (আইএএফএম) প্রযোজনায়, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত হয়েছে ‘নিশি’।

সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় চলচ্চিত্রটির শুটিং হয়েছে। এতে অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিককন্যা নিশি, চা-শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।