‘২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের যৌথ চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল’

স্পোর্টস ডেস্ক

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল ছিল নিউজিল্যান্ড। স্বাগতিক ইংল্যান্ডের পাশাপাশি তাদেরও চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল। এমনটাই মনে করেন ভারতের সাবেক বাঁহাতি তারকা ওপেনার গৌতম গম্ভীর।

গেল বছর নাটকীয় এক বিশ্বকাপ ফাইনাল উপভোগ করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। লর্ডসে গোটা ১০০ ওভার খেলা হওয়ার পর সুপার ওভারেও আলাদা করা যায়নি দুই প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে। কারণ, নির্ধারিত ওভার শেষে সুপার ওভারেও হয়েছিল টাই। এরপর বেশি সংখ্যক বাউন্ডারি মারার নিয়মে কেন উইলিয়ামসনদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েন মর্গ্যান নেতৃত্বাধীন ইংলিশরা।

টানটান উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর সেই ফাইনালের পর প্রায় এক বছর হতে চলল। কিন্তু ম্যাচটির ফল নিয়ে চর্চা কমেনি। প্রায়শই বর্তমান ও সাবেক ক্রিকেট তারকারা এ ব্যাপারে নিজেদের মন্তব্য জানান গণমাধ্যমে। সম্প্রতি ইউটিউবে স্টার স্পোর্টস আয়োজিত ‘ক্রিকেট কানেক্টেড’ অনুষ্ঠানে গম্ভীর বলেছেন, ‘শেষবারের বিশ্বকাপে যৌথ বিজয়ী ঘোষণা করা উচিত ছিল। নিউজিল্যান্ডেরও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল। কিন্তু এটা দুর্ভাগ্যজনক।’

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেওয়া ৩৮ বছর বয়সী সাবেক ক্রিকেটার যোগ করেছেন, ‘যদি তাদের সামগ্রিক রেকর্ডের দিকে আমরা নজর দেই, তাহলে দেখা যাবে তারা খুবই ধারাবাহিক খেলেছে। গেল বিশ্বকাপে তো বটেই, এর আগের বিশ্বকাপেও (২০১৫ আসরে) তারা রানার্সআপ হয়েছিল।’

এখন পর্যন্ত বিশ্বকাপের ১২টি আসর মাঠে গড়িয়েছে। শেষ দুবার ফাইনাল খেলার আগে মোট ছয়বার সেমিফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। তবুও কিউইদের ক্রিকেট পরাশক্তি কিংবা শিরোপা জয়ের দাবিদার হিসেবে বিবেচনা করা হয় না, যা মানতে পারছেন না গম্ভীর, ‘যতগুলো বিশ্বকাপে তারা অংশ নিয়েছে, প্রতিটিতে তারা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা উপহার দিয়েছে। কিন্তু আমরা তাদেরকে প্রাপ্য মর্যাদাটা দেই না।’