কোহলির মতো হতে চান বাবর

By স্পোর্টস ডেস্ক

প্রতিভা ও ফর্ম বিবেচনায় পাকিস্তানের বাবর আজমকে প্রায়শই বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়। এই তরুণ তারকা নিজেও ভারতীয় অধিনায়কের মতো হতে চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে বাবরের মতে, কোহলির সমকক্ষ হতে হলে আরও অনেক পথ পাড়ি দিতে হবে তাকে।

বুধবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের কাছে ২৫ বছর বয়সী বাবর বলেন, ‘তিনি (কোহলি) অন্যতম সেরা খেলোয়াড়। আমি এখনও তার পিছনে আছি।’

‘আমি তার মতো ভালো (ব্যাটসম্যান) হওয়ার এবং আমার দেশের হয়ে ম্যাচ জেতার চেষ্টা করব।’

তর্কসাপেক্ষে সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয় কোহলিকে। বর্তমানে ক্রিকেটের তিন সংস্করণেই তার রানের গড় ৫০-এর বেশি। আইসিসির টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন তিনি, ওয়ানডেতে আছেন শীর্ষে।

৩১ বছর বয়সী কোহলির মতো বাবরও ব্যাট হাতে অপ্রতিরোধ্য ছন্দে আছেন। টেস্টে তার গড় ৪৫.১২ আর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৫০-এর বেশি। তিন সংস্করণেই ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে রয়েছেন তিনি।

সম্প্রতি পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া বাবর জানান, কেবল পরিসংখ্যান আর র‍্যাঙ্কিংয়ে নয়, শট খেলার ধরনেও কোহলির সঙ্গে মিল খুঁজে পান তিনি, ‘এশিয়ান ব্যাটসম্যানদের টেকনিক ও স্ট্রোকপ্লে একই রকমের। আমার ধারণা, আমাদের কিছু শট দেখতে অভিন্ন।’

সর্বকালের সেরা ব্যাটসম্যানদের ক্যারিয়ার গভীরভাবে পর্যবেক্ষণ করার কথা জানান বাবর। তারা যেভাবে চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতেন এবং কঠিন সময়গুলো কাটিয়ে উঠতেন, সেসব অনুসরণ করেন তিনি।

তবে কারও সঙ্গে তুলনার বিষয়ে আপত্তি রয়েছে তার, ‘আমি নিজেকে কিংবদন্তিদের সঙ্গে তুলনা করতে চাই না।’

‘আমি যখন খেলি, তখন আমি কাউকে কিছু দেখানোর বা কারও কাছে কিছু প্রমাণ করার চেষ্টা করি না। আমি আমার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট কি-না সেটাই আমার কাছে মূল বিষয়।’

‘আমি আমার পারফরম্যান্স নিয়ে খুব কম সময়েই সন্তুষ্ট হই। কারণ, আমি সবসময় উন্নতির জায়গা দেখতে পাই।’