অর্ধশতাধিক আরোহীসহ ইন্দোনেশিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের শঙ্কা

স্টার অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ছেড়ে যাওয়া শ্রীবিজয়া এয়ার বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি অর্ধশতাধিক আরোহীসহ বিধ্বস্ত হওয়ার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।  

উদ্ধারকারীরা জানিয়েছেন, জাকার্তার পাশে সমুদ্র থেকে কিছু ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে এবং উড়োজাহাজটি বিধ্বস্তের আশঙ্কা করা হচ্ছে।

আজ শনিবার রয়টার্স জানায়, জাকার্তা থেকে পশ্চিম কালিমন্থান প্রদেশের পন্টিয়ানাক যাওয়ার পথে অভ্যন্তরীণ ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা বাসার্নাসের প্রধান বাগুস পুরুহিতো জানান, জাকার্তার উত্তরে সমুদ্রে উড়োজাহাজটি সন্ধানের জন্য দল পাঠানো হয়েছে। তবে, এখনও কোনও রেডিও সিগন্যাল শনাক্ত করা যায়নি।

সংস্থাটির আরেক কর্মকর্তা আগুস হরিয়ানো রয়টার্সকে বলেন, সমুদ্রে সন্দেহজনক ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। তবে, এটি নিখোঁজ উড়োজাহাজের কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার ২৪ টুইটারে জানায়, ফ্লাইটটি জাকার্তা ছাড়ার প্রায় ৪ মিনিট পরে এক মিনিটেরও কম সময়ে ১০ হাজার ফুটেরও বেশি নিচে নেমে আসে।

ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রী বুদি কারিয়া একটি সংবাদ সম্মেলনে বলেন, ফ্লাইটে ১২ জন ক্রুসহ ৬২ জন আরোহী ছিলেন।

ইন্দোনেশিয়ার উড়োজাহাজ চলাচল সংস্থা শ্রীবিজয়া এয়ার একটি বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইটটির বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন-

অর্ধশতাধিক যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় উড়োজাহাজ নিখোঁজ