কেন্দ্রে ঢুকতে দেয়নি, ভোট দিতে পারিনি: বিএনপি প্রার্থী

By নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার বিএনপি প্রার্থী আব্দুর রাজ্জাক প্রামাণিক। আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমকে জানিয়েছেন।

আব্দুর রাজ্জাক বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ১০ থেকে ১৫ জন সমর্থক নিয়ে আমি চাঁদপাড়া শহীদ সেকেন্দার মেমোরিয়াল আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়েছিলাম। আওয়ামী লীগের সমর্থকরা কেন্দ্র দখল করে রেখেছিল। কেন্দ্রে ঢুকতে দেয়নি, ভোট দিতে পারিনি। আমার সমর্থকরাও ভোট দিতে পারেননি। বাড়ি ফিরে এসে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। পৃথিবীতে কোথাও এমন নজির আছে— প্রার্থী নিজেই ভোট দিতে পারে না? এ রকম নির্বাচন করে কী লাভ?

নয়টি কেন্দ্রের প্রায় সবগুলোই আওয়ামী লীগ সমর্থকদের দখলে বলে অভিযোগ করেন আব্দুর রাজ্জাক প্রামাণিক।

শহীদ সেকেন্দার মেমোরিয়াল আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা সাইফ আবদুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। যা হয়েছে, কেন্দ্রে বাইরে হয়েছে। সেখানে আমার কিছু করার ছিল না।’

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশিম বলেন, ‘ঘটনা শুনে আমরা ওই কেন্দ্র পরিদর্শন করেছি। সেখানে অপ্রীতিকর কিছু দেখিনি। এখন মানুষ ভোট দিতে পারছে।’