ভুঞাপুরে কেন্দ্র দখল করে জাল ভোট, আওয়ামী লী‌গ নেতা গ্রেপ্তার

By নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের ভুঞাপুর পৌরসভা নির্বাচ‌নে কেন্দ্র দখ‌ল ও জাল ভোটের অভিযোগে উপ‌জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক‌ তা‌হেরুল ইসলাম তোতা‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

শ‌নিবার বিকেলে পৌরসভার দুই নম্বর ওয়া‌র্ডের টে‌পিবা‌ড়ি উচ্চ বিদ্যালয় কে‌ন্দ্র থে‌কে তাকে গ্রেপ্তার করা হয়।

ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্র থেকে তা‌হেরুল ইসলাম তোতা‌কে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয়রা জানায়, দুপুরে ওই কে‌ন্দ্রে নৌকার প্রার্থীর পক্ষে স্লোগান দি‌য়ে একদল মানুষ প্রবেশ ক‌রে জাল ভোট দি‌তে থা‌কে।

টে‌পিবা‌ড়ি উচ্চ বিদ্যালয় কে‌ন্দ্রের প্রিজাই‌ডিং কর্মকর্তা এএম সামসুজ্জামান ব‌লেন, একদল লোক মি‌ছিল নি‌য়ে কে‌ন্দ্রে প্রবেশ ক‌রে নৌকা প্রতীকে জাল ভোট দিচ্ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসার পর তারা পা‌লি‌য়ে যায়।