পাকস্থলিতে ২ হাজার ইয়াবাসহ শাহজালালে আটক ১

By স্টার অনলাইন রিপোর্ট

কক্সবাজার থেকে পাকস্থলিতে করে দুই হাজার ইয়াবা আনার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তিকে আটক করেছ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃত গোলাম মোস্তফা মন্ডল আজ শনিবার দুপুরে কক্সবাজার থেকে উড়োজাহাজে করে ঢাকা আসেন।

বিমানবন্দরের এপিবিএন এর অতিরিক্ত সুপারিনটেনডেন্ট (অপারেশন ও মিডিয়া) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে উড়োজাহাজে ওঠার আগে ওই ব্যক্তি ২০৮০ পিস ইয়াবা গিলে ফেলে।

তিনি জানান, আজ দুপুর একটার দিকে ঢাকায় নামার পর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে।

পরে, শরীরের এক্সরে করার পর, তার পেটের ভেতরে ইয়াবার উপস্থিতি নিশ্চিত হয় বলে জানান তিনি।

এ সময় মোস্তফার এক সহযোগী মোহাম্মদ আলীকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান আলমগীর হোসেন।