খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি ফখরুলের আহ্বান
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার করোনা-পরবর্তী নানা জটিলতা সৃষ্টি হওয়ায় ‘মানবিক’ কারণে তার বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘করোনা-পরবর্তী জটিলতা মাঝেমধ্যে বিভিন্ন দিকে টার্ন নেয়। খালেদা জিয়ার যে বয়স, তার বিভিন্ন রোগ আছে, এর আগে তিনি প্রায় তিন বছর কারাগারে ছিলেন, এখনো তিনি অন্তরীণই আছেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তার কিছু জটিলতা হয়েছে।’
মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘সেজন্যই আমাদের দেশের প্রায় বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে যে, তার চিকিৎসাটা উন্নত কোনো হাসপাতালে হওয়া উচিত। বাংলাদেশে উন্নত হাসপাতালেই তিনি চিকিৎসা নিচ্ছেন। আরও উন্নত বিদেশে হাসপাতালে চিকিৎসা নেওয়া সম্ভব কি না। আপনারা জানেন যে, গতকাল তার পরিবার থেকে বিদেশে উন্নত চিকিৎসার জন্যে যে অনুমতি দরকার, সেই অনুমতি চাওয়া হয়েছে। আমরা আশা করি, সরকার মানবিক কারণে তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে এবং এই দেশের ১৮ কোটি মানুষের সবচেয়ে প্রিয় নেতার সুচিকিৎসার ব্যবস্থা করবে।’
খালেদা জিয়ার চিকিৎসার অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাকে এখানে সর্বপ্রকার চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমাদের চিকিৎসকেরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা করছেন। বাংলাদেশের মানুষ তাদের নেতাকে সুস্থ দেখতে চায়।’
কর্মসূচি
খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুম্মা সারা দেশে মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা সভার কর্মসূচি ঘোষণা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগামীকাল শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। সারাদেশে সব মসজিদ, বিভিন্ন প্রার্থনালয় যেগুলো আছে অন্যান্য ধর্মের, সেগুলোয় আমাদের সব ইউনিট খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্যে দোয়া অনুষ্ঠান করবেন, প্রার্থনা সভা করবেন।’
অনুষ্ঠানে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সরকারের ব্যর্থতা, অযোগ্যতা ও ভ্যাকসিন সংগ্রহ নিয়ে সরকারের ‘দুর্নীতি’র কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির উদ্যোগে সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণে মারা যাওয়া দলীয় নেতা-কর্মীদের পরিবারকে দলের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান উপলক্ষে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মহানগর বিএনপির ১০ জন নেতা-কর্মীর পরিবারকে ঈদের উপহার তুলে দেন বিএনপি মহাসচিব। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সারাদেশে ৪২৫ জন নেতাকর্মী মারা গেছেন বলে জানানো হয় অনুষ্ঠানে।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে আজ দুপুর ২টার দিকে এভারকেয়ার হাসপাতালে গেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সদস্য জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. শাকুর খান।
আরও পড়ুন:
উন্নত চিকিৎসার জন্যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন পরিবারের
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেবে সরকার: অ্যাটর্নি জেনারেল
স্বরাষ্ট্রমন্ত্রীকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানিয়েছেন মির্জা ফখরুল
খালেদা জিয়ার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড
সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষার জন্য রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া