কলাবাগানে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর কলাবাগানের একটি ফ্ল্যাট থেকে সাবিরা রহমান (৪৫) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার কলাবাগানের প্রথম লেনের একটি ছয় তলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ১০টা ২৫ মিনিটের দিকে তারা কলাবাগানের ৫০/১ নম্বর বাড়িটিতে আগুন লাগার খবর পান। সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দেখতে পান, ভবনটির তিন তলায় আগুন লাগলেও তা আগেই নিভে গেছে। এ সময় সেখানে সাবিরার মরদেহ দেখতে পান তারা।
কলাবাগান থানার উপ-পরিদর্শক সুমিত আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে জানিয়ে নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেনশাহ বলেন, ‘মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’