উখিয়ায় সাড়ে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা নেতা গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী ক্যাম্পের এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে সাড়ে পাঁচ লাখ ইয়াবাসহ আটক করেছে কক্সবাজার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

র‌্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার তিনি দ্য ডেইলি স্টারকে জানান, সোমবার মধ্যরাতে বালুখালী নয় নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লক থেকে কমিউনিটি নেতা (হেডমাঝি) গুরা মিয়াকে (৪৫) ইয়াবাসহ আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় মামলা করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সনজুর মোরশেদ দ্য ডেইলি স্টারকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।