ফেনীতে বিদেশি পিস্তল, গুলি ও ওয়ান শুটার গানসহ গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, ফেনী

ফেনীতে একটি বিদেশি পিস্তল, গুলি ও একটি ওয়ান শুটার গানসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত মো. মহিম উদ্দিন তারা (২৮) ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ধলিয়া গ্রামের বাসিন্দা।

আজ সোমবার ভোররাতে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের ফেনী সদর উপজেলার ধলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে তাকে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, আজ ভোররাত সাড়ে ১২টার দিকে ধলিয়া বাজার এলাকায় মাদক চোরাচালানের খবর পায় র‌্যাব। ওই খবরের ভিত্তিতে ধলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করলে মাদক ও অস্ত্র চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে মো. মহিম উদ্দিনকে গ্রেপ্তার করে।

তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি ও একটি ওয়ান শুটার গান পাওয়া যায়।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘র‌্যাবের জিজ্ঞাসাবাদে মহিম জানিয়েছে, দীর্ঘদিন ধরেই সে এলাকায় মাদক ও অস্ত্র চোরাকারবার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে।’