এখন নানাভাবে মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে: সংসদে এমপি জিল্লুলের অভিযোগ

স্টার অনলাইন রিপোর্ট

মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও এখন নানাভাবে অমুক্তিযোদ্ধারা তালিকায় ঢুকে পড়ছে বলে আজ জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য জিল্লুল হাকিম।

রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিম বলেন, ‘এখন মুক্তিযোদ্ধা হওয়া লাগে না। এখন নানানভাবে মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে। এই মুক্তিযোদ্ধা বানানোর প্রথা বাতিল করতে হবে।’

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বাজেটে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির প্রস্তাবে সমর্থন জানিয়ে তিনি এসব কথা বলেন।

পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির দায়িত্ব পালনকারী জিল্লুল হাকিম বলেন, নানাভাবে মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এখন মুক্তিযোদ্ধা নানানভাবে তৈরি হচ্ছে।

মুক্তিযোদ্ধাদের তালিকায় হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘এখন মুক্তিযোদ্ধা হওয়া লাগে না। আমরা দেখি আমাদের দেশে আদালতও রায় দিয়ে মুক্তিযোদ্ধা বানাচ্ছেন। আমরা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে অমুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়েছি। তারা আদালতে গিয়ে রায় নিয়ে মুক্তিযোদ্ধা হচ্ছেন। মুক্তিযোদ্ধা তো বানানো যায় না। মুক্তিযোদ্ধা তো হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বানানোর প্রথা বাদ দিতে হবে। এটা বাতিল করতে হবে।’