বাংলাদেশকে পাল্টা জবাব শ্রীলঙ্কার

স্টার অনলাইন রিপোর্ট

ব্যাটের জবাব ব্যাট হাতেই দিচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ৫১৩ রানের জবাবে দ্বিতীয় দিনে ব্যাটের ঝাঁজ দেখিয়ে লড়াই রেখেছে সমানে-সমান।  

বাংলাদেশকে ৫০০ রানের নিচে আটকে রাখতে চেয়েছিল শ্রীলঙ্কা। তা না পারলেও বাংলাদেশের ইনিংস পাঁচশ ছাড়িয়ে খুব বেশিদূর এগোয়নি। জবাবে ব্যাটের দাপট দেখিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা আর কুশল মেন্ডিস। ধনঞ্জয়া তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। দুবার জীবন পেয়ে তিন অঙ্কের কাছাকাছি পৌঁছে গেছেন কুশল।

বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনশেষে চওড়া হাসি শ্রীলঙ্কানদের। বাংলাদেশের ৫১৩ রানের জবাবে দ্বিতীয় দিনশেষে ১ উইকেটে  ১৮৭   রান করে দিনশেষ করেছে সফরকারীরা। ধনঞ্জয়া ডি সিলভা ১০৪ রান নিয়ে ব্যাট করছেন, ৮৩ রান করে সঙ্গ দিচ্ছেন কুশল পেরেরা।  বাংলাদেশের বিশাল সংগ্রহে ব্যাকফুটে চলে যাওয়া ম্যাচে লঙ্কানরা ফিরে এসেছে বেশ শক্তভাবেই। শূন্য রানে প্রথম উইকেট হারানো শ্রীলঙ্কা দ্বিতীয় উইকেট জুটিতেও হয়ে গেছে ১৮৭ রান।

_F758106.jpg
চতুর্থ সেঞ্চুরি করে অপরাজিত ধনঞ্জয়া। ছবি: ফিরোজ আহমেদ
ফিল্ডারদের সাহায্য পেলে এই দিনটিও অবশ্য বাংলাদেশের হতে পারত। কোন রান করার আগেই দিমুথ করুনারত্নেকে হারানো শ্রীলঙ্কাকে বেশ চেপে ধরেছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু পাননি ফিল্ডারদের সহায়তা। আরেক ওপেনার কুশল মেন্ডিসকে ভুগিয়ে ক্যাচ বানিয়েছিলেন স্লিপে। তখন ৪ রানে থাকা কুশলের ক্যাচ স্লিপে ফেলে দেন মেহেদী হাসান মিরাজ। ৫৭ রানে গিয়ে আবার ক্যাচ দেন কুশল। এবার তাইজুল ইসলামের বলে সেই স্লিপেই তার ক্যাচ  হাতে জমিয়েও ছেড়ে দেন ইমরুল কায়েস। দিনশেষে ৮৩ রান নিয়ে ব্যাট করছেন কুশল।

চট্টগ্রামের উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য বেশ স্বস্তির হলেও মাঝে মাঝেই টার্ন আদায় করে নিচ্ছিলেন তাইজুল আর মিরাজ। অভিষিক্ত সানজামুল থেকেছেন সাদামাটা।

এরআগে মাহমুদউল্লাহর মুন্সিয়ানায় ৫১৩ রান করতে  পেরেছিল বাংলাদেশ। আগের দিনে বাজিমাত করা মুমিনুল হক আর এক রান যোগ করেই ফিরে যান, বাজে শটে আত্মাহুতি দেন মোসাদ্দেক হোসেন। মিরাজ রানআউটে কাটা পড়েন অহেতুক রান বাড়ানোর তাড়ায়। এসবের মাঝেও অবিচল ছিল অধিনায়কের ব্যাট। সবাই আউট হয়ে গেলে ৮৩ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ।