রশিদকে নিয়ে কারা আলোচনা করছে, প্রশ্ন সাকিবের

স্পোর্টস রিপোর্টার

আফগানিস্তান সিরিজ নিয়ে কথা উঠলেই ক্রিকেটারদের দিকে যাচ্ছে রশিদ খান নিয়ে প্রশ্ন। আফগানিস্তানের এই লেগ স্পিনারকে নিয়ে এত মাতামাতি পছন্দ হচ্ছে না সাকিব আল হাসানের। ক্রিকেটারদের মধ্যে এই নিয়ে এত আলোচনা নেই বলে জানান বাংলাদেশ অধিনায়ক।

সোমবার আইপিএল খেলে দেশে ফেরেন সাকিব। আফগানিস্তান সিরিজ খেলতে বাংলাদেশ দল ভারত যাবে মঙ্গলবার। তার দুদিন পরে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। দেশের ফিরেই রশিদ খান প্রশ্নে মুখোমুখি হয়ে সাকিবের পালটা প্রশ্ন, ‘কারা আলোচনা করে? প্রশ্ন আপনারা করলে প্লেয়াররা উত্তর দিচ্ছে? নাকি প্লেয়াররা আলোচনা করছে?’

এবার আইপিএলে একই দলে খেলছেন সাকিব ও রশিদ। রশিদ কি করতে পারেন ভালোই জানা তার। তবে প্রতিপক্ষকে মাপতে চান পেশাদারি চোখে, ‘সবাইতো ভাল বোলার। আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে সবাই ভাল বোলার। তাই কেউ ভাল বল করবে কেউ খারাপ বল করবে। ভাল ব্যাটসম্যানরা সেটাকে ভালভাবে হ্যান্ডেল করবে সেটাই নিয়ম।’

রশিদকে নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নেও বিরক্তি সাকিবের, ‘প্রশ্ন আপনারা করলে আলোচনা হবেই। আমি উত্তর দিলাম না, আলোচনাও হলো না।’

এবারই আইপিএলে এক আসরে সবচেয়ে বেশি ১৬ ম্যাচ খেলেছেন সাকিব।  বল হাতে প্রায় সব ম্যাচেই রেখেছেন অবদান। ব্যাট হাতে শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। আক্ষেপ আছে সে জায়গায়, ‘হয়তো আরেকটু ভালো হতে পারতো। তবে সব মিলিয়ে সন্তুষ্ট যে ভালো ফল হয়েছে টিমের। ব্যক্তিগত দিক থেকেও সন্তুষ্ট। কিন্তু একটা অতৃপ্তি আছে সেটা হলো প্রতি ম্যাচেই ভাল শুরুর করার পরেও রানটা বড় করতে পারিনি।’