টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতা: বাবর-ফখরের চোট নিয়ে তদন্তে পিসিবি

স্পোর্টস ডেস্ক

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর এবার তারকা ব্যাটার বাবর আজম ও ফখর জামানের চোট নিয়ে তদন্তে নামছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিছুদিন আগে শেষ হওয়া বিশ্ব আসরে এই দুই ক্রিকেটারের ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠায় এই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের নির্বাচক ও সাবেক বোলার আকিব জাভেদ জানান, নির্বাচক কমিটি এই দুই খেলোয়াড় কীভাবে চোট পেয়েছেন এবং কেন বিশ্বকাপের পর এই বিষয়টি সামনে এলো, তা খতিয়ে দেখতে পিসিবিকে অনুরোধ জানিয়েছে।

নির্বাচক কমিটির অন্য সদস্য মিসবাহ-উল-হক, সরফরাজ আহমেদ ও আসাদ শফিকের উপস্থিতিতে আকিব বলেন, বাবর ও ফখর যে বিশ্বকাপের সময় চোট বয়ে বেড়াচ্ছিলেন, সে সম্পর্কে নির্বাচকরা অন্ধকারে ছিলেন। দুজনের চোটের পেছনের পরিস্থিতি এবং এবং টুর্নামেন্ট চলাকালীন তাদের ফিটনেস সম্পর্কে সঠিক তথ্য নিয়মিত জানানো হয়েছিল কি না, সেটাও যাচাই করে দেখতে নির্বাচকরা বোর্ডকে অনুরোধ করেছেন।

আকিব বলেন, '(বাবরের পাশাপাশি) ফখরও চোটে রয়েছে— এই বিষয়ে আমরা ক্রিকেট বোর্ডকে তদন্তের অনুরোধ করেছি। এটা কীভাবে সম্ভব যে ফখরও আনফিট এবং আমরা বিশ্বকাপ শেষ হওয়ার পর তা জানতে পারছি? আপনি যখন বিশ্বকাপে যান, তখন যে কোনো স্বাস্থ্যগত বা চোট সংক্রান্ত সমস্যায় প্রধান কোচ ও ফিজিওর উচিত সবাইকে সবকিছু জানিয়ে রাখা। নির্বাচক হিসেবে আমাদের এগুলো জানা উচিত।'

বাংলাদেশ দলের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বাবরের স্কোয়াডে না থাকার কারণও স্পষ্ট করেছেন আকিব। এই নির্বাচকের মতে, সাবেক পাকিস্তানি অধিনায়ক বাবর বর্তমানে এমন এক চোটের সঙ্গে লড়াই করছেন, যা তাকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ও ঘরোয়া জাতীয় টি-টোয়েন্টি কাপ— উভয় টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে।

আকিব ব্যাখ্যা করেন, 'বাবর চোটে ভুগছেন, যার কারণে তাকে বাংলাদেশের বিপক্ষে রাখা হয়নি। তিনি জাতীয় টি-টোয়েন্টি কাপেও খেলতে চেয়েছিলেন, কিন্তু তার শারীরিক পরিস্থিতি তাকে সুযোগ দেয়নি। এটি আপনার বা আমার চোখে দৃশ্যমান কি না সেটি বড় কথা নয়। তবে অনুশীলনে বা ম্যাচে কোনো খেলোয়াড় যদি চোট পান, তবে সেটা কীভাবে এবং কখন হলো, তা আমাদের জানা দরকার।'

সুপার এইট থেকে ছিটকে যাওয়া পাকিস্তান যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও সামনে এগিয়ে যেত, তবে কি এই দুজন ফিট' ঘোষিত হতেন— এমন প্রশ্নও তুলেছেন আকিব। তিনি বলেন, 'আজকের বাস্তবতা হলো বাবর খেলার জন্য ফিট নন এবং ফখরও ফিট নন। আমরা যদি সেমিফাইনালে উঠতাম, তবে কি তারা হঠাৎ করেই ফিট হয়ে যেতেন? প্রশ্নটা সেখানেই।'