গালফ সংকটের প্রভাব, সীমিত ভেন্যুতে পিএসএল আয়োজন
জ্বালানি সংকটের প্রভাবে বড় ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নির্ধারিত সময়সূচি ঠিক রেখেই অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), তবে দর্শকশূন্য স্টেডিয়াম এবং সীমিত ভেন্যুতে।
রোববার এক সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি জানান, উপসাগরীয় অঞ্চলের চলমান সংকটের কারণে দেশজুড়ে জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় জনগণের চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তাই ২৬ মার্চ থেকে শুরু হওয়া পিএসএল হবে দর্শক ছাড়া। পাশাপাশি দর্শকদের যাতায়াত কমাতে আগের ছয়টি ভেন্যুর পরিবর্তে এবার ম্যাচগুলো আয়োজন করা হবে মাত্র দুই শহরে, লাহোর ও করাচিতে।
এর ফলে ফয়সালাবাদ, রাওয়ালপিন্ডি, মুলতান ও পেশোয়ারের ভেন্যুগুলো এবারের আসর থেকে বাদ পড়েছে। বিশেষ করে পেশোয়ারের দর্শকদের জন্য বিষয়টি হতাশার, কারণ তারা প্রথমবারের মতো পিএসএলের ম্যাচ উপভোগ করার সুযোগ পেতে যাচ্ছিল।
নাকভি আরও জানান, ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হলে দর্শকদের জন্য স্টেডিয়াম খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তা নির্ভর করছে ইরান সংকট কবে নাগাদ শেষ হয় তার ওপর।
এদিকে দর্শক না থাকায় ফ্র্যাঞ্চাইজিগুলোর আয় কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বোর্ড ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। কারণ টিকিট বিক্রির বড় একটি অংশ ফ্র্যাঞ্চাইজিগুলোর আয় হিসেবে গণ্য হয়।
২০১৬ সালে নিরাপত্তাজনিত কারণে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছিল পিএসএলের যাত্রা। আর এবার নতুন এক সংকটের কারণে আবারও ভিন্ন বাস্তবতায় আয়োজন করতে হচ্ছে টুর্নামেন্টটি, যা চলবে ১১তম আসর চলবে ৩ মে পর্যন্ত।