নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমবারের মতো ১২টি দলের অংশগ্রহণে হতে যাওয়া এবারের আসরে টাকার অঙ্কে থাকছে বিশাল চমক।
আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট প্রাইজমানি ১০ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮৭ লক্ষ ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার, বর্তমান বিনিময় হার অনুযায়ী যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৭ কোটি ৮০ লক্ষ টাকার সমান। ২০২৪ সালের আসরে ১০টি দলের মধ্যে বণ্টন করা মোট প্রাইজমানি ৭৯ লক্ষ ৫৮ হাজার ৭৭ ডলারকেও ছাড়িয়ে গেছে এবারের এই অর্থ।
প্রাইজমানির এই বিশাল অঙ্ক থেকে চ্যাম্পিয়ন দল ঘরে তুলবে ২৩ লক্ষ ৪০ হাজার ডলার বা প্রায় ২৮ কোটি ৭৮ লক্ষ টাকা। অন্যদিকে ফাইনালে হেরে যাওয়া রানার্স-আপ দল পাবে ১১ লক্ষ ৭০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৩৯ লক্ষ টাকা।
এছাড়া সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুটি দলের প্রত্যেকে ৬ লক্ষ ৭৫ হাজার ডলার করে (প্রায় ৮ কোটি ৩০ লক্ষ টাকা) পাবে। এমনকি গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্যও দলগুলো পাবে ৩১ হাজার ১৫৪ ডলার বা প্রায় ৩৮ লক্ষ ৩১ হাজার টাকা। পাশাপাশি, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি দলের প্রত্যেকেই অন্ততপক্ষে ২ লক্ষ ৪৭ হাজার ৫০০ ডলার (প্রায় ৩ কোটি ৪ লক্ষ টাকা) নিশ্চিতভাবে পাবে।
নারী ক্রিকেটের এই ধারাবাহিক উন্নতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্তা। বিশ্বজুড়ে খেলাটিকে আরও ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, 'নারী ক্রিকেটের বিকাশ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ১২-তে উন্নীত করা এবং সেই সাথে এই রেকর্ড প্রাইজমানি ঘোষণা বিশ্বব্যাপী আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক খেলা গড়ে তোলার প্রতি আইসিসির প্রতিশ্রুতিরই প্রতিফলন।'
আগামী ১২ জুন পর্দা উঠবে এই মেগা ইভেন্টের, যেখানে উদ্বোধনী দিনে বার্মিংহামের এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।